ফিফা বিশ্বকাপের গ্রুপ 'আই'-এর শীর্ষস্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই ইউরোপীয় পরাশক্তি ফ্রান্স ও নরওয়ে। মাঠের লড়াইয়ে দল দুটি দুই প্রান্তে থাকলেও, ফুটবল বিশ্ব এই ম্যাচটিকে দেখছে মূলত দুই বিশ্বসেরা স্ট্রাইকার—কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হালান্ডের মধ্যকার এক চরম দ্বৈরথ হিসেবে।
এমবাপ্পে এবং হালান্ড দুজনেই বিস্ফোরক ফর্মে রয়েছেন। নিজ নিজ দলের হয়ে প্রথম দুই ম্যাচেই তারা জালের দেখা পেয়েছেন ৪ বার করে। ফলে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার 'গোল্ডেন বুট'-এর দৌড়ে তারা এখন সমানে সমান। নরওয়ের কোচ স্টেল সোলবাকেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হালান্দকে গোল্ডেন বুট জেতাতে দল সর্বোচ্চ চেষ্টা করবে।
অন্যদিকে, ফরাসি আক্রমণভাগ রয়েছে অবিশ্বাস্য ফর্মে, প্রথম দুই ম্যাচে তারা প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে ৭ বার। দূরপাল্লার শট এবং গতি—দুটি অস্ত্রেই এমবাপে এখন প্রতিপক্ষের জন্য এক আতঙ্কের নাম।
হালান্ডকে থামানোর ফরাসি ব্লুপ্রিন্ট
আর্লিং হালান্ডের মতো দীর্ঘদেহী ও গতিময় স্ট্রাইকারকে আটকাতে ফরাসি রক্ষণভাগের দুই স্তম্ভ উইলিয়াম সালিবা এবং দায়ো উপামেকানোর ওপর থাকবে বিশাল দায়িত্ব। হালান্ডকে রুখতে নিজের কৌশলের কথা ফরাসি সংবাদমাধ্যম-কে জানিয়েছেন বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার উপামেকানো:
"হালান্দের বিপক্ষে খেলার সময় সবসময় এক চোখ তার দিকে এবং অন্য চোখ বল যার পায়ে আছে তার দিকে রাখতে হবে। ও যদি আমার ব্লাইন্ড সাইডে (যে পাশ চোখে পড়ে না) থাকে, তবে ও কোথায় যাচ্ছে এবং কীভাবে পজিশন নিচ্ছে তা নিশ্চিত করতে কাঁধের ওপর দিয়ে দুই থেকে তিনবার চোখ বুলিয়ে নিতে হবে। প্রথম কয়েক গজ দৌড়ে ও কিলিয়ানের (এমবাপ্পে) মতোই অবিশ্বাস্য গতি তুলতে পারে।"
নকআউটের সমীকরণ ও স্কোয়াড ম্যানেজমেন্ট
ইরাক ও সেনেগালের বিপক্ষে টানা জয়ে ফ্রান্স ইতিমধ্যেই শেষ ৩২ নিশ্চিত করে ফেলেছে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় নরওয়ের বিপক্ষে কেবল একটি ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে 'লে ব্লুজরা'। তবে গ্রুপ সেরা হলেই যে নকআউটের পথ সহজ হবে, তা কিন্তু নয়। গ্রুপ চ্যাম্পিয়ন হলে ব্রাজিল, ইংল্যান্ড বা পর্তুগালের মতো পরাশক্তিদের শুরুর দিকে এড়ানো গেলেও, শেষ ১৬-তেই তাদের সামনে পড়তে পারে স্বাগতিক জার্মানি এবং সেমিফাইনালে স্পেন।
ফ্রান্স শিবিরে পরিবর্তন
মায়ের মৃত্যুর কারণে প্রধান কোচ দিদিয়ে দেশম দেশে ফিরে গেছেন। তার অনুপস্থিতিতে বোস্টনের সাইডলাইনে দল সামলাবেন সহকারী কোচ গাই স্টিফেন। ইরাকের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়েই দেশম ৫টি পরিবর্তন এনেছিলেন, যা ইঙ্গিত দেয় এই ম্যাচেও দলের মূল খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হতে পারে।
কৌশলী নরওয়ে
নরওয়ে দলও এই ম্যাচে কিছুটা রক্ষণাত্মক বা নিরাপদ কৌশল বেছে নিতে পারে। পরবর্তী পর্বের কথা চিন্তা করে আর্লিং হালান্দ এবং অধিনায়ক মার্টিন ওডেগার্ডকে শুরুতে বেঞ্চে রেখে আলেকজান্ডার সরলথকে আক্রমণে দেখা যেতে পারে। এছাড়া ইনজুরিতে পড়া জুলিয়ান রাইয়ারসনের জায়গায় রক্ষণভাগে সুযোগ পেতে পারেন লিও অস্টিগার্ড।
হেড-টু-হেড (মুখোমুখি ৫ ম্যাচ)
ফ্রান্স জয়ী: ৩ ম্যাচ
নরওয়ে জয়ী: ১ ম্যাচ
ড্র: ১ ম্যাচ
সাম্প্রতিক ফর্ম (শেষ ৫ ম্যাচ):
নরওয়ে: জয়, জয়, ড্র, জয়, ড্র
ফ্রান্স: জয়, জয়, জয়, হার, জয়