জাবি সিনেট অধিবেশন শনিবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৩তম বার্ষিক সিনেট অধিবেশন শনিবার (২৭ জুন) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মো.মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিনেট অধিবেশন উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান অধিবেশনে সভাপতিত্ব করবেন এবং উদ্বোধনী ভাষণ প্রদান করবেন। তার বক্তব্যে তিনি বিগত এক বছরে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড, প্রশাসনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিশ্ববিদ্যালয় পরিচালনায় তার দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম উপস্থিত থাকবেন।

বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিতব্য এ অধিবেশনে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত মূল বাজেট উপস্থাপন করবেন। এছাড়া, সিনেট সদস্যরা উপাচার্যের ভাষণ এবং কোষাধ্যক্ষের উপস্থাপিত বাজেট নিয়ে আলোচনা করবেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান অধিবেশনে শোক প্রস্তাব উপস্থাপন করবেন।