রাজধানীর মোহাম্মদপুর থানার বসিলা এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। রবিবার (১৪ জুন) ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নৌ-পুলিশ) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
নিহত শিক্ষার্থীর নাম দ্বীপ মজুমদার। তিনি জাবির প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী এবং শহীদ রফিক-জব্বার হলের আবাসিক ছাত্র ছিলেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ. কে. এম. রাশেদুল আলম বলেন, ‘আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। পরিচয় নিশ্চিত করার জন্য শিক্ষার্থীর সহপাঠী ও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। এখনই এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়।’
অতিরিক্ত পুলিশ সুপার (নৌ-পুলিশ) মাহফুজুর রহমান বলেন, বুড়িগঙ্গা নদী থেকে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সঙ্গে পাওয়া পরিচয়পত্র অনুযায়ী, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫০তম ব্যাচের শিক্ষার্থী দ্বীপ মজুমদার। পরিচয় নিশ্চিত করতে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
তিনি আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।