ভোলা সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (২৬ জুন) ভোলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গাজীবাড়ি আলিয়া মাদ্রাসা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) বিপ্লব কান্তি দাসের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মো. মাকসুদ (৫৫) নামে এক ব্যক্তির কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাকসুদ ভোলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গাজীবাড়ি আলিয়া মাদ্রাসা রোড এলাকার মৃত মোতাছিনের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।