বাস থেকে সাড়ে ২২ লাখ টাকার ইয়াবা জব্দ

রাজধানীর তুরাগ থানা এলাকায় একটি স্লিপার বাস থেকে পরিত্যক্ত অবস্থায় ৭ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। জব্দকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা।

শুক্রবার (২৬ জুন) রাতে তুরাগ থানাধীন ভাটুলিয়া এলাকার একটি বাস ডিপো থেকে এই বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সময় তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান, এসআই (নিঃ) অপূর্ব দত্ত ও সঙ্গীয় ফোর্স থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, ভাটুলিয়া এলাকায় অবস্থিত মো: শরিদুল ইসলামের মালিকানাধীন 'দোয়েল এক্সপ্রেস স্লিপার বাস' ডিপোতে একটি বাস মেরামতের সময় বাসের ভেতরে সন্দেহজনক বস্তু দেখা গেছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওসির নেতৃত্বে পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে তল্লাশি চালিয়ে দোয়েল এক্সপ্রেস স্লিপার বাসের 'A-1' সিটের ওপরে থাকা এসি ভেন্টের (AC Vent) ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় উক্ত ৭,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে নিয়ম অনুযায়ী মাদকগুলো জব্দ করা হয়।

তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘মাদক কারবারিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতে নিত্যনতুন কৌশল অবলম্বন করছে। এবার তারা দূরপাল্লার বিলাসবহুল স্লিপার বাসের এসি ভেন্টের ভেতর ইয়াবা লুকিয়ে পাচারের চেষ্টা করেছিল। আমরা খবর পাওয়া মাত্রই দ্রুত অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক জব্দ করতে সক্ষম হই। মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এই চক্রের পেছনের মূল হোতাদের শনাক্ত করতে আমাদের তদন্ত চলছে।’

এ ঘটনায় তুরাগ থানায় একটি মামলা দায়েরের পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।