চট্টগ্রামের সীতাকুণ্ডে শ্বশুরবাড়িতে ইসরাত জাহান সামিয়া (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) রাতে উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নলুয়াপাড়া (ফকিরহাট) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সামিয়া ওই এলাকার প্রবাসী মো. বাহার উদ্দিন শাহিনের স্ত্রী এবং মো. ফসিউল আলমের পুত্রবধূ। তার বাবার বাড়ি উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামে। তিনি আলী আকবরের মেয়ে। এক বছর আগে পারিবারিকভাবে তাদের বিবাহ হয়।
নিহতের চাচা মোয়াজ্জাম হোসেন জানান, গত এক সপ্তাহ সামিয়া বাবার বাড়িতে অবস্থান করছিলেন। দুই দিন আগে তিনি স্বামীর বাড়িতে ফিরে যান। পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবেই সময় কাটিয়েছেন এবং ঘটনার দিন দুপুরেও শ্বশুর-শাশুড়ির সঙ্গে একসঙ্গে খাবার খান। পরে তার মৃত্যুর খবর পরিবার জানতে পারে।
তিনি বলেন, ‘সামিয়া বাবার বাড়িতে থাকাকালে স্বাভাবিক ও হাসিখুশি ছিলেন। স্বামী-স্ত্রীর মধ্যে কোনো বিরোধ বা পারিবারিক কলহের বিষয় আমাদের জানা নেই। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।’
সীতাকুণ্ড মডেল থানার উপপরিদর্শক (এসআই) শফিউল করিম বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।