গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মনির হোসেন (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরের ফোন কলে তাকে আটক করে থানায় নেয় সাদুল্লাপুর থানার পুলিশ।
শনিবার (২৭ জুন) বেলা ১২ টায় বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম হাবিব। এর আগে শুক্রবার বিকালে উপজেলার কামারপাড়া ইউনিয়নের কিশামতবাগচী আকন্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক অভিযুক্ত মনির হোসেন ওই গ্রামের মিলন মিয়ার ছেলে। তিনি আকম্দপাড়া জামে মসজিদের মুয়াজ্জিনের কাজ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মনির হোসেন মসজিদের মুয়াজ্জিন এবং শিশুদের পড়ান। বিকালে মক্তব পড়ানো শেষে সব বাচ্চাকে ছেড়ে দিয়ে ৭ বছর বয়সী ভুক্তভোগী শিশুকে কৌশলে আটকিয়ে রাখে অভিযুক্ত মনির হোসেন। পরে তাকে যৌন নির্যাতনের চেষ্টা করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয়রা জানতে পেরে অভিযুক্ত মুয়াজ্জিনকে আটক করে। পরে ভুক্তভোগী শিশুর পরিবার ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ অভিডুক্ত হুজুরকে আটক করে থানায় নেয়।
ওসি জানান, শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মনির নামের মসজিদের এক মুয়াজ্জিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ওই মনির হোসেনকে আসামি করা হয়েছে। আজ শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।