নাটোরের বড়াইগ্রামে রোববার ৩৮ হাজার ৩১২ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু রয়েছে তিন হাজার ৪৯০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু রয়েছে ৩৪ হাজার ৮২২ জন।
শনিবার (২৭ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে আয়োজিত অবহিতকরণ সভায় এ তথ্য জানান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডু।
তিনি আরো জানান, রবিবার সারা দেশের ন্যায় বড়াইগ্রামেও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে উপজেলার দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের ১৬৯ কেন্দ্রে ৬-১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
অবহিতকরণ সভায় ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডু, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরীফ মোহাম্মদ জামিউর রহমান ও ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা রেহানা পারভীন বক্তব্য রাখেন।