তথ্যপ্রযুক্তি

বাজি ধরার নতুন অ্যাপ আনছে মেটা

ভবিষ্যৎ অনুমান করার জন্য নতুন ও স্বতন্ত্র অ্যাপ তৈরি করছে মেটা। ফেসবুক-ইনস্টাগ্রামের মূল পরিধির বাইরে গিয়ে ‘অ্যারিনা’ নামের নতুন প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা ভবিষ্যৎ ঘটনাবলির পূর্বাভাস দেওয়ার প্রতিযোগিতায় নামতে পারবেন।

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের ব্যক্তিগত উদ্যোগে তৈরি নতুন অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা রাজনীতি থেকে শুরু করে খেলাধুলা সবকিছুর ভবিষ্যৎ ফলাফল নিয়ে গেমের মতো পয়েন্ট বা অর্থের বাজি ধরতে পারবেন। ‘পলিমার্কেট’ ও ‘কালশি’র মতো প্রতিদ্বন্দ্বী ‘প্রেডিকশন মার্কেট’ বা পূর্বাভাসভিত্তিক প্ল্যাটফর্মের ব্যাপক সফলতার পরই মেটা এমন পদক্ষেপ নিল। ওসব প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা অর্থের বিনিময়ে ভবিষ্যতের বিভিন্ন ঘটনার ওপর বাজি ধরতে পারেন।

নিউ ইয়র্ক টাইমসের দাবি, শুরুর দিকে মেটার এ অ্যাপটি ভিডিও গেমের মতো পয়েন্ট সিস্টেমের ওপর ভিত্তি করে তৈরি হবে। পরবর্তী সময় কোম্পানিটি ব্যবহারকারীদের প্রকৃত অর্থ দিয়ে বাজি ধরার সুযোগও দিতে পারে। ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো মেটার মূল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে স্বতন্ত্র এক অ্যাপ হিসেবে কাজ করবে অ্যারিনা। পাশাপাশি ‘মেটা ফটোস’-এর মতো আরও কিছু স্বতন্ত্র অ্যাপও এতে যোগ হতে পারে, যা ব্যবহারকারীদের নতুন ধরনের মিডিয়া কনটেন্ট তৈরির সুবিধা দেবে। মেটা এরই মধ্যে তাদের ‘মেটা এআই’-এর মতো আলাদা অ্যাপ বাজারে এনেছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই এআই ছবি তৈরি ও শেয়ার এবং কোম্পানির তৈরি স্মার্ট চশমা বা স্মার্টগ্লাস নিয়ন্ত্রণ করতে পারেন।

গত বছরগুলোতে পূর্বাভাসভিত্তিক এসব বাজারের জনপ্রিয়তা আকাশচুম্বী হয়েছে এর অন্যতম বড় অনুঘটক ছিল ২০২৪ সালের মার্কিন নির্বাচনের ফলাফলের ওপর বাজি ধরার আকাক্সক্ষা। এরপর থেকে এগুলো বিশাল মূল্যের প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যেখানে রাজনীতি থেকে শুরু করে খেলাধুলাসহ সব ধরনের খাতের ঘটনার ফলাফলের ওপর ব্যবহারকারীরা মোটা অংকের অর্থ বাজি ধরছেন।