‘লাইফলাইন’ দেখে আবেগাপ্লুত মিম

ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে সম্প্রতি মুক্তি পেয়েছে অরিজিনাল ফিল্ম ‘লাইফলাইন’। নির্মাতা কাজী আসাদের এই সিনেমাটি গত ২১ জুন মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের মাঝে সাড়া ফেলেছে। বিশেষ করে পর্দায় বাবা-মেয়ের সম্পর্কের টানাপড়েন এবং সিনেমার মূল আবেগের সঙ্গে নিজের বাস্তব জীবনের অনুভূতি মেলাতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি প্রধান চরিত্রে অভিনয় করা বিদ্যা সিনহা মিম।

সম্প্রতি রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর অডিটোরিয়ামে সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে মিম জানান, ‘লাইফলাইন’-এর গল্পটি তার মনকে গভীরভাবে স্পর্শ করেছে। প্রদর্শনী শেষে অনুভূতি শেয়ার করতে গিয়ে তিনি কেঁদে ফেলেন। সিনেমাটিতে মিমের বাবার চরিত্রে অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ। মিমের পাশাপাশি রেজওয়ান পারভেজ ও আ খ ম হাসানের অভিনয়ও দর্শকদের মুগ্ধ করেছে। বিশেষভাবে নজর কেড়েছে আ খ ম হাসানের চরিত্রটি।

চরকির প্রজেক্টে মিমের এটিই প্রথম কাজ। কুয়াকাটায় চিত্রায়িত এই সিনেমায় দুর্গম পথে বাইক চালানোর অভিজ্ঞতা শেয়ার করেন সহশিল্পী রেজওয়ান পারভেজ। মাহমুদুল হাসান টিপু ও পরিচালকের গল্পে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আসাদুজ্জামান আবীর ও কাজী আসাদ।