একুশে টিভির গানের অনুষ্ঠান ‘গানের ওপারে’তে এবার একসঙ্গে হাজির হচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ড. প্রিয়াঙ্কা গোপ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক মৃদুলা সমদ্দার। সম্প্রতি অনুষ্ঠানটির জন্য নিজেদের পর্বের রেকর্ডিং সম্পন্ন করেছেন তারা।
২০০৬ সালে ‘এটিএন তারকা’ প্রতিযোগিতায় তৃতীয় হওয়া মৃদুলা একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রিয়াঙ্কা গোপের ছাত্রী ছিলেন। পিরোজপুর থেকে ঢাকায় আসার পর দিদির কাছে উচ্চাঙ্গসংগীতের তালিমও নেন তিনি। এই আয়োজনে ড. প্রিয়াঙ্কা গোপ গেয়েছেন হৈমন্তী শুক্লা, নির্মলা মিশ্র, আঞ্জুমান আরা ও নীলুফার ইয়াসমিনের গান। অন্যদিকে মৃদুলা গেয়েছেন শুভমিতা, মিতালী মুখার্জি, দিলরুবা খান ও আশা ভোঁসলের জনপ্রিয় গানগুলো।
প্রিয়াঙ্কা গোপ বলেন, ‘মৃদুলা অত্যন্ত মেধাবী ও স্বতঃস্ফূর্ত শিল্পী। ওর শেখার আগ্রহ প্রবল এবং ওর মধ্যে দারুণ গুরুভক্তি আছে।’ প্রিয়াঙ্কা গোপকে নিজের গানের গুরু উল্লেখ করে মৃদুলা বলেন, ‘দিদির মতো গুণী শিল্পী আমাদের দেশের জন্য ভীষণ প্রয়োজন। একই আয়োজনে তাকে পেয়ে আমার দারুণ লেগেছে।’ অনুষ্ঠানটি শিগগিরই একুশে টিভিতে প্রচার হবে।