জার্মানিকে হারিয়ে বিস্ময় জাগাল ইকুয়েডর

‘যতক্ষণ আমরা বেঁচে আছি, আমাদের আলোর সন্ধান করতে হবে’। ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির গোল খেয়ে যখন ইকুয়েডরের বিশ্বকাপ স্বপ্ন শেষ হওয়ার মুখে, তখন ডাগআউটে দাঁড়িয়ে এই মন্ত্রেই যেন শিষ্যদের উজ্জীবিত করেছিলেন তাদের আর্জেন্টাইন মাস্টারমাইন্ড সেবাস্টিয়ান বেক্সাসেস। মেটলাইফ স্টেডিয়ামের সেই ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলে ২-১ ব্যবধানের এক অবিশ্বাস্য জয়ে জার্মানিকে স্তব্ধ করে দেয় ইকুয়েডর; এতে ঘুচেছে তাদের দীর্ঘ ২০ বছরের নকআউট খরা।

গত বৃহস্পতিবারে ম্যাচের শুরুতে লেরয় সানের বিতর্কিত গোলে জার্মানি লিড নিলেও দমে যায়নি বেক্সাসেসের শিষ্যরা। ৯ মিনিটেই নিলসেন আনগোলোর গোল ইকুয়েডরকে সমতায় ফেরায়। দ্বিতীয়ার্ধে পেনাল্টি বাতিল ও ভিএআর নাটকের পর ৭৭ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। গঞ্জালো প্লাতার জাদুকরী এক ফ্লিকে পরাস্ত হন কিংবদন্তি ম্যানুয়েল ন্যয়ার। এই জয়ে জার্মানদের টানা ১১ ম্যাচ অপরাজিত থাকার ধারায় ছেদ টানল ইকুয়েডর, যা ২০১৩ সালের পর ইউরোপীয় কোনো দলের বিপক্ষে লাতিন দেশটির প্রথম জয়।

এদিকে হেরেও অবশ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আগেই নকআউট নিশ্চিত রেখেছিল জার্মানি। নকআউটে তাদের ম্যাচ ৩০ জুন, প্যারাগুয়ের বিপক্ষে। এদিকে এখনো প্রতিপক্ষ নিশ্চিত হয়নি ইকুয়েডরের।