প্রস্তুতিতে চোখ রেখে নামছে বাংলাদেশ

আপডেট : ২৮ জুন ২০২৬, ০৫:০৭ এএম

টেস্ট স্ট্যাটাস পাওয়ার ৫ বছর পর এই সংস্করণে প্রথম জয় পায় বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষেই এসেছিল সেই মাহেন্দ্রক্ষণ। তবে যত সময় গড়িয়েছে, ততই স্পষ্ট হয়েছে দুই দলের ব্যবধান। গত কয়েক বছরে সাদা পোশাকের বনেদি সংস্করণে পরাশক্তি হয়ে উঠেছেন নাজমুল হোসেনরা। অন্যদিকে জিম্বাবুয়ে ক্রিকেট হেঁটেছে ঠিক উল্টো পথে। অবস্থান এতটাই তলানিতে ঠেকেছে যে, টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে এখনো প্রবেশ করতে পারেনি দলটি। এ কারণে দীর্ঘ ৫ বছর পর সে দেশে তিন সংস্করণের পূর্ণাঙ্গ সফরে গেলেও টেস্টের সংখ্যা কমিয়েছে সফরকারীরা। আজ লাল বলের একমাত্র ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। এই ম্যাচটিকে আসন্ন অস্ট্রেলিয়া সফরের দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবেই দেখছেন বাংলাদেশ অধিনায়ক।

গতকাল হারারে থেকে পাঠানো এক ভিডিওবার্তায় নাজমুল বলেন, ‘ম্যাচটা জিততে চাই এবং ভালো ক্রিকেট খেলতে চাই। কারণ এ সফরের পর আমাদের বেশ কিছু অ্যাওয়ে সিরিজ আছে। এ সিরিজটাতে আমরা কতটা ভালো ক্রিকেট খেলতে পারছি, সেটা গুরুত্বপূর্ণ। ব্যাটাররা এবং বোলাররা যদি ভালো করতে পারে, তাহলে আমাদের সামনের সিরিজগুলোর জন্য কাজে আসবে। লক্ষ্য থাকবে, আমরা কতটা ভালো ক্রিকেট খেলতে পারি।’

টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের পাল্লা ভারী বাংলাদেশের। ২০ ম্যাচে ৯ বারই জিতেছেন লাল-সবুজের প্রতিনিধিরা। হেরেছে আটটি এবং ড্র হয়েছে তিনটি। পরিসংখ্যান কিংবা শক্তিমত্তায় পিছিয়ে থাকলেও স্বাগতিকদের অবমূল্যায়ন করার সুযোগ নেই নাজমুলদের। গত বছরও ঘরের মাঠে জিম্বাবুয়ের কাছে টেস্ট হারের স্বাদ পেয়েছেন তারা। তবে ২০২১ সালে হারারেতে সর্বশেষ টেস্টে বড় ব্যবধানে জেতে বাংলাদেশ।

সেই অভিজ্ঞতার সঙ্গে টেস্টে নিজেদের সাম্প্রতিক ফর্ম থেকে পাওয়া আত্মবিশ্বাস সঙ্গী করে মাঠে নামবে সফরকারীরা। নাজমুল বলেন, ‘আমরা ভালো প্রস্তুতি নিতে পেরেছি। এখানে যতটুকু সুযোগ-সুবিধা আছে, তার মধ্য দিয়েই আমরা সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি। সবাই আত্মবিশ্বাসী আছে। গত কয়েকটা সিরিজে আমরা ভালো ক্রিকেট খেলছি এবং আমি বিশ্বাস করি, এই টেস্ট ম্যাচটাতেও আমরা ভালো কিছু করতে পারব।’

বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ জিম্বাবুয়ের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। জানা গেছে, দেশটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ ওপরে হওয়ায় শুরুতে স্বাভাবিক শ্বাসপ্রশ্বাসে সমস্যা হচ্ছিল সফরকারী ক্রিকেটারদের, বিশেষ করে যারা প্রথমবার জিম্বাবুয়ে সফরে গেছেন। তবে গত ২১ জুন যে ক্রিকেটাররা প্রথম ধাপে রওনা করেন, তারা ২৪ জুন ঢাকা ছাড়া ক্রিকেটারদের তুলনায় অতিরিক্ত দুটি সেশন অনুশীলন করে নিজেদের মানিয়ে নিয়েছেন। অন্যরাও দ্রুত মানিয়ে নিচ্ছেন বলে দাবি নাজমুলের, ‘আমরা বেশ কয়েকজন খেলোয়াড় কয়েক দিন আগে এখানে চলে এসেছি। এজন্য খুব ভালোভাবে মানিয়ে নিতে পেরেছি। আশা করছি, ম্যাচের জন্য এখন আমরা পুরোপুরি প্রস্তুত। যারা পরে এসেছে, ওরাও গত কয়েক দিনের অনুশীলনে অনেকটাই মানিয়ে নিয়েছে।’

চোটের কারণে এই সিরিজে নেই টেস্টের নিয়মিত উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। তার পরিবর্তে অমিত হাসানের অভিষেক হতে পারে আজ। এ ছাড়া মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়ের মাথায়ও আজ উঠতে পারে টেস্ট অভিষেকের ক্যাপ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত