গত ২৭ জুন ২০২৬ তারিখে মানসিক স্বাস্থ্য সহায়তাবিষয়ক প্রতিষ্ঠান শোনো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন অনুষদে ৩০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে ‘আমি পারি, আত্মবিশ্বাস, সক্ষমতা ও সাফল্যের আলোচনা’, শীর্ষক দুই ঘণ্টাব্যাপী একটি অংশগ্রহণমূলক কর্মশালার আয়োজন করে।
কর্মসূচিটি ঢাকা ইউনিভার্সিটি সাপোর্ট ফর স্টুডেন্টস উইথ ডিজঅ্যাবিলিটিজ (ডিইউএসএসডি) এর সভাপতি ইবনু আহমেদ এর নেতৃত্বে আয়োজিত হয়।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ড. তাওহিদা জাহান, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিসঅর্ডার্স বিভাগের সাবেক চেয়ারপারসন এবং ডিইউএসএসডি-এর মডারেটর। তিনি তার বক্তব্যে জীবনের মূল্য, আত্মবিশ্বাস, অধ্যবসায় এবং শিক্ষার্থীদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা পরিবেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।
কর্মশালার মূল সেশন পরিচালনা করেন শোনো-এর বিশেষজ্ঞ মনোবিজ্ঞানী ও প্রশিক্ষক সালেহ সিদ্দিকী অনিক। তিনি আত্ম-সচেতনতা, জীবনের চ্যালেঞ্জ অনুধাবন, মানসিক স্থিতিস্থাপকতা এবং প্রস্তুতিমূলক মানসিক সক্ষমতা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি অংশগ্রহণকারীরা গাইডেড রিফ্লেকশন এবং স্ব-মূল্যায়নভিত্তিক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে শোনো-এর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মেরিলিন আহমেদ এবং সহপ্রতিষ্ঠাতা ফারহানা রুমি উপস্থিত ছিলেন। কর্মশালাটি জেসিআই ঢাকা ইন্ডিপেন্ডেন্ট-এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক আবু সাঈদ উপস্থিত ছিলেন।
কর্মশালার উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের আত্ম-সচেতনতা, মানসিক স্থিতিস্থাপকতা এবং নিজেদের শক্তি ও সক্ষমতা সম্পর্কে ইতিবাচক উপলব্ধি বৃদ্ধি করা—যাতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে শিক্ষা, ব্যক্তিগত জীবন ও ভবিষ্যৎ সাফল্যের পথে এগিয়ে যেতে পারে।