কাতার থেকে দেশে ফিরেই গ্রেপ্তার হয়েছেন দেবিদ্বার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও দেবিদ্বার পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাসির উদ্দিন।
শনিবার (২৭ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টায় তিনি দেশে পৌঁছালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা দেবিদ্বারে আব্দুর রাজ্জাক রুবেল হত্যা এবং আবু বকর হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, সরকার পতনের পর বাসির উদ্দিন আত্মগোপনে চলে যান। পরে তিনি দেশ ত্যাগ করে কাতারে অবস্থান করছিলেন। দেশে ফেরার পর বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, দেবিদ্বার পৌরসভার সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বাসির উদ্দিনকে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া আব্দুর রাজ্জাক রুবেল হত্যা এবং আবু বকর হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বিমানবন্দর থেকে তাকে দেবিদ্বার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।