ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে ৬১টি কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ শ্রম আইন ১৩(১) ধারায় ২৯টি কারখানা বন্ধ রয়েছে। সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে ১০টি কারখানায়।
এছাড়া ১৭টি কারখানায় শ্রমিকেরা উপস্থিত হলেও কাজে যোগ দেননি। কাজ না করায় ছুটি দেওয়া হয়েছে আরও পাঁচটি কারখানায়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও শ্রমিক নেতারা জানান, সকাল সাড়ে ১০টা পর্যন্ত সাভার ও আশুলিয়া উপজেলায় কোনো শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
সাভার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকালে নির্ধারিত সময় শ্রমিকেরা বিভিন্ন কারখানায় উপস্থিত হয়েছেন। তবে বেশ কয়েকটি কারখানার সামনে বন্ধের নোটিশ টাঙানো রয়েছে।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, কয়েকটি কারখানায় শ্রমিকেরা উপস্থিত হলেও কাজে যোগ দেননি। তবে অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম চলছে। এখন পর্যন্ত কোথাও বিক্ষোভ বা অস্থিতিশীল পরিস্থিতির খবর পাওয়া যায়নি।