সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, এফডিসিতে মানববন্ধন আজ

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই যেন উৎসবে পরিণত হচ্ছে এফডিসি। এরইমধ্যে দায়িত্ব পালনকালে কয়েকজন বিনোদন সাংবাদিকের সঙ্গে অসদাচরণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে আজ (রবিবার) বিকেল ৩টায় বিএফডিসি প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছেন মাল্টিমিডিয়া বিনোদন সাংবাদিকরা। 

সাংবাদিকদের পক্ষ থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিএফডিসিতে পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের সঙ্গে অত্যন্ত অশোভন আচরণ করা হয়। অভিযোগ অনুযায়ী, ফাইটার শিল্পী মো. নাজমুল হক ব্রুসলির নেতৃত্বে সাংবাদিকদের উদ্দেশে অশালীন ভাষায় গালাগাল এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। 

ঘটনার প্রতিবাদ, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত দায়িত্ব পালনের স্বাধীন পরিবেশের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে বলে জানানো হয়। এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন-এর ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি-র নির্বাচন-সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

মাল্টিমিডিয়া বিনোদন সাংবাদিকরা কর্মসূচিতে সংশ্লিষ্ট সব সহকর্মীকে উপস্থিত থেকে সংহতি প্রকাশের আহবান জানিয়েছেন। তাদের ভাষ্য, সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সবার ঐক্যবদ্ধ অবস্থান জরুরি।