পটুয়াখালী পৌরসভার ২০২৬–২০২৭ অর্থবছরের জন্য ১০৩ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ১৫০ টাকার প্রাক-বাজেট ঘোষণা করা হয়েছে।
রবিবার (২৮ জুন) দুপুর ১২টায় পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত প্রাক-বাজেট সভায় এ বাজেট উপস্থাপন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী পৌরসভার প্রশাসক ও উপসচিব জুয়েল রানা। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, ব্যবসায়ী, সাংবাদিক এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী, আগামী অর্থবছরে মোট আয় ও ব্যয় ধরা হয়েছে ১০৩ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ১৫০ টাকা। এর মধ্যে উন্নয়ন খাতে আয়ের প্রস্তাব করা হয়েছে ১০ কোটি ২৭ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা। বাজেটে জনস্বাস্থ্য ট্রাস্টের আওতায় নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন ও গভীর নলকূপ স্থাপনের জন্য ৬০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। একই সঙ্গে জনস্বাস্থ্য ট্রাস্টের আওতায় সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে ৫০ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে।
এছাড়া বাজেটে পৌর এলাকার সড়ক, ড্রেনেজ, সুপেয় পানি সরবরাহ, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা এবং অন্যান্য নাগরিক সেবার মানোন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
প্রাক-বাজেট সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বাজেটের ওপর মতামত, পরামর্শ ও সুপারিশ তুলে ধরেন। তারা জনসম্পৃক্ততা বৃদ্ধি, উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত এবং নাগরিক সেবার পরিধি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক জুয়েল রানা বলেন, নাগরিকদের মতামত ও বাস্তব চাহিদাকে গুরুত্ব দিয়েই চূড়ান্ত বাজেট প্রণয়ন করা হবে। একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।