দাউদকান্দিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুমিল্লার দাউদকান্দিতে ধানক্ষেতের পাশে আল আমিন (৩০) নামে এক যুবকের গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৮ জুন) সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরকখোলা গ্রামের খলিল মিয়ার ধানক্ষেতের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

আল আমিন একই ইউনিয়নের আটিপাড়া গ্রামের মৃত লাল মিযার ছেলে। পেশায় তিনি একজন পিকআপ চালক ছিলেন। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক।

নিহতের বড় ভাই মো. সেলিম জানান, সকাল সাড়ে ৭টার দিকে খবর পান যে, তার ভাই খলিল মিয়ার ধানক্ষেতের পাশে গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি ভাইয়ের মরদেহ দেখতে পান। তিনি বলেন, কী কারণে আত্মহত্যা করেছে তা—এখনও নিশ্চিতভাবে বলতে পারছি না। তবে আমার ভাই নিয়মিত মাদক সেবন করত এবং কারও কথা শুনত না। আমার ধারণা, মাদকের কারণেই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

নিহতের আরেক ভাই মো. ফয়েজ বলেন, গতকাল রাত ৮টার দিকে আমার ভাইয়ের সঙ্গে সর্বশেষ দেখা হয়। আজ সকালে এক চাচাতো ভাই ফোন করে জানায়, আলামিন আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে গিয়ে দেখি ধানক্ষেতের পাশে গাছের ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ ঝুলছে। কেন সে এমন ঘটনা ঘটিয়েছে তা আমরা জানি না। তবে যদি এর পেছনে অন্য কোনো কারণ বা হত্যার ঘটনা থেকে থাকে, তাহলে আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও প্রকৃত ঘটনার উদ্ঘাটনের দাবি জানাই।

এ বিষয়ে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর মাধ্যমে খবর পাই। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।