জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কোনো ব্যক্তি নন, বরং এই আন্দোলনের আসল মাস্টারমাইন্ড হলো বাংলাদেশের ১৮ কোটি মানুষ।
রবিবার (২৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১৭তম দিনে সাধারণ আলোচনার সময় পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।
সংসদে জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত বিরোধীদলীয় নেতার একটি পুরনো বক্তব্যের উদ্ধৃতি দিয়ে দাবি করেছিলেন যে, ডা. শফিকুর রহমান এর আগে এই আন্দোলনের প্রধান নায়ক হিসেবে তারেক রহমানের কথা বলেছিলেন। এর প্রেক্ষিতে বিরোধীদলীয় নেতা স্পষ্ট করেন যে, মিল্লাত সাহেব সেই বক্তব্যের সময় উল্লেখ করতে ভুল করেছেন। ডা. শফিকুর রহমান জানান, তার সেই বক্তব্যটি ছিল ২০২৪ সালের এপ্রিল মাসের, আর অভ্যুত্থান সফল হয়েছে আগস্ট মাসে। আগস্টের ৫ তারিখের পরবর্তী পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি এই কথা বলেছিলেন।
জুলাই অভ্যুত্থান সফল করতে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, যাদের নেতৃত্বে এই অভ্যুত্থান সফল হয়েছে, আমরা সবাই অন্তর থেকে তাদেরকে সম্মান করি, ভালোবাসি।
এ সময় তিনি আরও উল্লেখ করেন যে, ড. ইউনূস আমেরিকায় গিয়ে একজনকে আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে অভিহিত করেছিলেন। যার প্রথম প্রতিবাদ তিনিই করেছিলেন জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আমি সেই ব্যক্তি প্রথমে প্রতিবাদ করে বলেছি, এই আন্দোলনের একক কোনো মাস্টারমাইন্ড আমরা মানি না। আমরা এর কৃতিত্ব দিতে চাই আমাদের যুব সমাজকে। আর এই আন্দোলনের প্রকৃত মাস্টারমাইন্ড হচ্ছে বাংলাদেশের ১৮ কোটি মানুষ।