টেকনাফে ৬৫ বছরের চিকিৎসক অপহৃত, উদ্ধার তৎপরতায় বিজিবি-পুলিশ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীর জুমপাড়া এলাকায় ৬৫ বছর বয়সী হোমিওপ্যাথি চিকিৎসক কামাল মাস্টারকে নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

রবিবার (২৮ জুন) দুপুর ১টার দিকে ৬ জনের একটি সশস্ত্র পাহাড়ি ডাকাত দল বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায়।

পরিবারের সদস্যদের ভাষ্য, অপহরণকারীরা কামাল মাস্টারকে পাহাড়ের দিকে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় একজন সুনামধন্য হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। 

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর ৬ সদস্যের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। একই সঙ্গে অপহরণকারীদের সম্ভাব্য অবস্থান শনাক্তে পাহাড়ের পাদদেশে তল্লাশি অভিযান শুরু করা হয়।

এব্যাপারে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু সাইদ জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অপহৃত ব্যক্তিকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে, পরিবারের পক্ষ থেকে কামাল মাস্টারকে দ্রুত ও নিরাপদে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।