বগুড়ার কাহালু উপজেলার পাইকর ইউনিয়নের বাঘাইল গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নাতি জামাইয়ের হাঁসুয়ার আঘাতে মকবুল হোসেন নামে দাদা শ্বশুর নিহত হয়েছেন। এ ঘটনায় শ্বশুর শহিদুল ইসলামও গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২৮ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মকবুল হোসেন (৭০) বাঘাইল গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। আহত শহিদুল ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের শাকিলের সঙ্গে শহিদুল ইসলামের মেয়ের বিয়ে হয়। সে সূত্রে মকবুল হোসেন ছিলেন শাকিলের দাদা শ্বশুর। দীর্ঘদিন ধরে শাকিল ও তার শ্বশুরবাড়ির লোকজনের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল।
অভিযোগ রয়েছে, ওই বিরোধের জেরে রবিবার বিকেলে অভিযুক্ত শাকিল ও তার ছোট ভাই সবুজ ধারালো হাঁসুয়া দিয়ে মকবুল হোসেনের ওপর হামলা চালান। তাকে রক্ষা করতে গেলে শহিদুল ইসলামকেও কুপিয়ে আহত করা হয়।
পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মকবুল হোসেনকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আহত শহিদুল ইসলাম চিকিৎসাধীন রয়েছেন।
আহত শহিদুল ইসলামের ভাই বলেন, আত্মীয়তার সম্পর্ক থাকা সত্ত্বেও এমন নির্মম ঘটনা তারা কল্পনাও করেননি। জমিজমা নিয়ে আগে থেকেই বিরোধ ছিল। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।