বগুড়ার শেরপুরে (মকটেল আইল্যান্ড বিনোদন পার্ক ও রেষ্টুরেন্ট) একটি পারিবারিক অনুষ্ঠান থেকে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বগুড়া জেলা শাখার সভাপতি ডা. সামির হোসেন মিশুকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ডা. সামির হোসেন মিশু বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা এবং মরহুম ডা. সাফদার হোসেনের ছেলে। তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বগুড়া জেলা শাখার সভাপতির দায়িত্বে রয়েছেন।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শেরপুর শহিদিয়া আলীয়া মাদ্রাসা সংলগ্ন ঘাটপারে এক জন্মদিনের অনুষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বগুড়া সদর থানার মামলা নং-৭৭, তারিখ ২২ অক্টোবর ২০২৫-এর এজাহারভুক্ত আসামি। মামলাটি দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ৩২৩, ৩২৬, ৩০৭, ১১৪, ১০৯ ও ৩৪ ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩, ৫ ও ৬ ধারায় দায়ের করা হয়েছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।