সংসদে নাহিদ ইসলাম

পুশইন ও সীমান্ত হত্যা বন্ধে সরকারকে কঠোর হতে হবে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পুশইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে সরকারকে কঠোর হতে হবে। 

রবিবার (২৮ জুন) জাতীয় সংসদে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর সীমান্তে প্রায় ১০ জনকে ভারতীয় নিরাপত্তা বাহিনী-বিএসএফ হত্যা করেছে এবং ‘অবৈধ বাংলাদেশি’ বলে পুশইন করার চেষ্টা চলছে। আমরা এই বাজেট অধিবেশনে পুশইন নিয়ে একটা আলোচনা করতে চেয়েছিলাম, এই আলোচনাটা আমাদের করতে দেওয়া হয়নি।

নাহিদ ইসলাম বলেন, বিএনপির নামের সঙ্গে ‘জাতীয়তাবাদ’ শব্দটা আছে। আমরা দেখতে চাই তারা কীভাবে সীমান্ত হত্যা বন্ধ করে এবং সেই বিষয়ে আমরা সর্বাত্মকভাবে তাদেকে সহায়তা করব। আমরা বিজিবিকে সাধুবাদ জানাই-তারা যেভাবে পুশইন প্রতিরোধ করছে, যেভাবে দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়েছে, তাতে বাংলাদেশের ১৮ কোটি জনগণ তাদের সঙ্গে রয়েছে।

তিনি বলেন, পশ্চিমবঙ্গে একটি নির্বাচন হয়েছে এবং শুভেন্দু অধিকারী সেখানকার মুখ্যমন্ত্রী হয়েছেন। নির্বাচনের আগে ও পরে বাংলাদেশকে নিয়ে লাগামহীন বক্তব্য দিয়ে যাচ্ছেন তিনি। নির্বাচনী এক জনসভায় বলেছেন, ‘ইসরায়েল যেভাবে গাজাকে শিক্ষা দেয়, বাংলাদেশকে সেভাবে শিক্ষা দিতে হবে।’ এর জবাব বাংলাদেশ সরকারকে দিতে হবে, পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে হবে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কঠোর জবাব আশা করছি।

এ ছাড়া ভারতের নতুন হাইকমিশনারের উচিত গত ১৬ বছর আওয়ামী লীগকে অনৈতিকভাবে ক্ষমতায় টিকিয়ে রাখতে সহায়তার জন্য এদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া, যোগ করেন তিনি।

তিনি অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে গঠিত জুলাই ফাউন্ডেশন অর্থের অভাবে চলতে পারছে না। সরকারের কাছে এই ফাউন্ডেশনে বিশেষ বরাদ্দের দাবি জানান তিনি।

একইসঙ্গে ৫ আগস্টের মধ্যে ‘জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার আহ্বান জানান।