ভারতের পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু

ভারতীয় হাইকমিশন পর্যটন ভিসার আবেদন গ্রহণের প্রক্রিয়া গতকাল রবিবার থেকে আবার শুরু করেছে। ঢাকায় হাইকমিশনের এক কূটনীতিক গতকাল দেশ রূপান্তরকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিসা প্রার্থীদের আবেদনপত্র জমা দেওয়ার জন্য ‘অ্যাপয়েন্টম্যান্ট সøট’ বরাদ্দ করা গতকাল বিকেল থেকে শুরু হয়েছে, এ তথ্য দিয়ে তিনি বলেন, (আজ) সোমবার থেকে বরাদ্দ করা ‘সøট’ অনুযায়ী আবেদনপত্র গ্রহণ ও সাক্ষাৎকার শুরু হবে।    

রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার (আইভেক) সূত্র জানায়, যারা পর্যটন ভিসার জন্য আসছেন ও খোঁজখবর নিচ্ছেন, তাদের বেশিরভাগ বেলজিয়াম, আয়ারল্যান্ড, রোমানিয়াসহ বিভিন্ন দেশের দূতাবাস থেকে শিক্ষার্থী ভিসা সংগ্রহের জন্য দিল্লি যেতে চাচ্ছেন। এর বাইরে চিকিৎসার জন্য মেডিকেল ভিসাসহ বিভিন্ন কাজে অনেকে ভারতের বিভিন্ন গন্তব্যে যেতে ভিসা চাচ্ছেন।

দিল্লিতে অবস্থিত দক্ষিণ আফ্রিকা, বেলজিয়াম, আয়ারল্যান্ড ও রোমানিয়াসহ প্রায় ৪০টি দেশের দূতাবাস বাংলাদেশের ভিসা প্রার্থীদের আবেদন গ্রহণ এবং এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে। এসব দেশের মিশন বাংলাদেশে নেই। 

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী গত ২৫ জুন দায়িত্ব গ্রহণের পর পর্যটন ভিসা আবার চালু করার ঘোষণা দেন। তার ঘোষণা অনুযায়ী, ভারতীয় হাইকমিশন ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট এবং খুলনার পাঁচটি কেন্দ্র থেকে ভিসার আবেদন গ্রহণ অব্যাহত রাখবে।

বাংলাদেশে গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পরবর্তী পরিস্থিতিতে হাইকমিশন ভিসা কার্যক্রম বন্ধ করে দেয়। পরবর্তী সময়ে মেডিকেল ভিসা সীমিত আকারে চালু করা হয়।