পাকিস্তানের করাচিতে সেনাবাহিনীর একটি ক্যাম্পে সন্ত্রাসী হামলায় তিন সেনা নিহত হয়েছে। গতকাল রবিবার সংবাদমাধ্যম ডন জানায়, করাচিতে পাকিস্তান রেঞ্জার্সের (সিন্ধু) একটি ক্যাম্পে ‘জামাত-উল-আহরার’ নামের সন্ত্রাসী গোষ্ঠী এই হামলা চালিয়েছে। জিও নিউজ জানিয়েছে, করাচির গুলিস্তান-ই-জোহর ব্লক ৬-এর কাছে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। এলাকাটিতে শক্তিশালী বিস্ফোরণের পর ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে। এ ঘটনায় মৌসুমিয়াত চৌরঙ্গি থেকে গুলিস্তান-ই-জোহর ব্লক ৬, কামরান চৌরঙ্গি এবং চমন ইকবাল কলোনিগামী সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এটিকে ভারতীয় প্রক্সি সংগঠনের কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে। সেখানে বলা হয়েছে, অভিযানে তিন সন্ত্রাসী নিহত হয়েছে। আহত অবস্থায় আরও এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আটক ওই সন্ত্রাসী আফগানিস্তানের নাগরিক। বাকি সন্ত্রাসীদের খোঁজে এলাকায় চিরুনি অভিযান চলছে। আইএসপিআর জানিয়েছে, প্রথমে তারা ক্যাম্পের মূল ফটকে বিস্ফোরণ ঘটায়। এরপর সীমানা প্রাচীর ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। তবে রেঞ্জার্স সদস্যদের সতর্কতা ও পাল্টা প্রতিরোধের মুখে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। বিদেশি পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদ নির্মূলে নিরাপত্তা বাহিনীর ‘আজম-ই-ইস্তেকাম’ অভিযান অব্যাহত থাকবে।