চলছে বর্ষা মৌসুম। বর্ষার আবহে নতুন গান নিয়ে হাজির হলেন কোক স্টুডিও বাংলা। আষাঢ় মাস উপলক্ষে ‘মেঘ’ শিরোনামের নতুন গান প্রকাশ করতে যাচ্ছে জনপ্রিয় এই সংগীত প্ল্যাটফর্ম। গতকাল রবিবার সন্ধ্যায় কোক স্টুডিও বাংলার চতুর্থ মৌসুমের দ্বিতীয় গানটি প্রকাশ করা হয়েছে। নতুন এই গানে কণ্ঠ দিয়েছেন মাশা ইসলাম, মোহাম্মদ শোয়েব ও মৌসুমি। বর্ষার অনুভূতি, অপেক্ষা এবং নতুন শুরুর আশাকে কেন্দ্র করে সাজানো হয়েছে এর সুর ও কথার বিন্যাস। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্ষার সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা শাস্ত্রীয় রাগ ‘মিয়াঁ কি মালহার’ থেকে অনুপ্রাণিত হয়ে গানটি তৈরি করা হয়েছে।
বাংলা শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্যের সঙ্গে সমকালীন সংগীতের মেলবন্ধন ঘটিয়ে এতে তুলে ধরা হয়েছে প্রকৃতি, পুনর্জাগরণ এবং জীবনের নতুন সম্ভাবনার গল্প। এতে আরও বলা হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যিক ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে আধুনিক কথ্য ভাষার সংযোজনে পরিচিত অনুভূতিকে নতুন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে।