এমপি-ওসির সামনে হামলার শিকার বিএনপি কর্মী

চট্টগ্রামের ফটিকছড়িতে এক অনুষ্ঠানে পূর্বের হামলার বিচার চাইতে গিয়ে আবারও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপিকর্মী ও প্রবাসী মো. মানিক। এ ঘটনায় এক নারীসহ তার পরিবারের কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

রবিবার (২৮ জুন) বিকেলে হেয়াঁকো বনানী ডিগ্রি কলেজ মাঠে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে সংসদ সদস্য সরওয়ার আলমগীর ও ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে উপস্থিতিতে এই হামলার ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা নাসিরউদ্দিন বিপ্লব ও তার অনুসারীদের ওপর। তবে অভিযোগ অস্বীকার করেছেন বিপ্লব।

প্রত্যক্ষদর্শী জানায়, নিজের বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনার বিচার চেয়ে অনুষ্ঠানে উপস্থিত এমপির কাছে অভিযোগ জানাতে যান মানিক। অভিযোগ উপস্থাপনের একপর্যায়ে তার সঙ্গে নাসিরউদ্দিন বিপ্লব বাকবিতণ্ডায় জাড়ান। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় বিপ্লবের অনুসারীরা মানিক ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ ঘটনায় মানিকসহ তার পরিবারের কয়েকজন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মানিকের অভিযোগ, এর আগেও লোকজন নিয়ে নাসিরউদ্দিন বিপ্লব তার বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটিয়েছিলেন। ওই ঘটনায় তিনি মানববন্ধন করেছেন এবং একটি মামলাও বর্তমানে বিচারাধীন রয়েছে। সেই ঘটনার বিচার চেয়ে এমপির কাছে আবেদন করতে গেলে তার সামনেই তাকে মারধর করা হয়। তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগের বিষয়ে নাসিরউদ্দিন বিপ্লব বলেন, হামলার কোনো ঘটনাই ঘটেনি। পরে তিনি মুঠোফোনে নিজ অবস্থান জানিয়ে দেখা করার কথা বললেও পরবর্তীতে আর ফোন রিসিভ করেননি এবং পাঠানো বার্তারও জবাব দেননি।

এবিষয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, এমপি ও পুলিশের উপস্থিতিতে মানিক ও বিপ্লবের মধ্যে প্রথমে কথাকাটাকাটি এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাৎক্ষণিকভাবে বিরোধের অবসান ঘটায়। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।