উল্টো পথে অটোরিকশা, প্রাণ গেল মোটরসাইকেল আরোহী সজিবের

সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী ও অটোরিকশার চালক গুরুতর আহত হন।

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৬:১১ পিএম

সড়কে মুখোমুখি সংঘর্ষ। মুহূর্তেই থেমে গেল ২৪ বছর বয়সী মোহাম্মদ সজিবের জীবন। চট্টগ্রামের ফটিকছড়িতে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তিনি। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শনিবার (১৭ অক্টোবর) বিকালে গহিরা-ফটিকছড়ি আঞ্চলিক সড়কের বখতপুর-করলিয়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজিব ফটিকছড়ি উপজেলার রোসাংগিরী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মনুর বাড়ির মোহাম্মদ রফিকের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সজিব ও রায়হান মোটরসাইকেলে করে আজাদী বাজার থেকে নানুপুরের
দিকে যাচ্ছিলেন। পথে বখতপুর-করলিয়া রাস্তার মাথা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

স্থানীয়দের দাবি, অটোরিকশাটি উল্টো পথে চলে আসায় এ দুর্ঘটনা ঘটে।

সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী ও অটোরিকশার চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সজিবকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত