কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে সাঈদ আব্দুল্লাহ সিয়াম নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত কিশোরী প্রেমিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) ভোর ৫টার দিকে চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাঈদ আব্দুল্লাহ সিয়াম (২২) ওই গ্রামের হাজী এনামুল হকের ছেলে।
অভিযুক্ত নাঈমা জাহান (১৫) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘোষগ্রামের রবিউল মৃধার মেয়ে।
পুলিশ জানায়, ঘটনার সময় নাঈমা জাহান সিয়ামের বাড়িতে অবস্থান করছিলেন। সোমবার ভোরে দুইজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে নাঈমা একটি ধারালো ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করেন। পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় সিয়ামকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রায় তিন বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতি, ব্যক্তিগত সম্পর্ক, গর্ভধারণ ও পরবর্তী ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। তবে এসব তথ্য এখনও তদন্তাধীন এবং চূড়ান্ত তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন জানান, ঘটনার পর অভিযুক্ত নাঈমা জাহানকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।