ফরিদপুরের ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। সোমবার (২৯ জুন) সকালে ভাঙ্গা পৌরসভার ৮ নং ওয়ার্ড হোগলাডাঙ্গী সদরদী গ্রামে ঘটনা ঘটে।
ভুক্তভোগী হানিফ শেখ (২২) উপজেলার পুখুরিয়া এলাকার রফিক শেখের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী। অভিযুক্তের নাম সুমাইয়া আক্তার (২২)। তাদের বাড়ি ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া এলাকায়। তবে সম্প্রতি তারা হোগলাডাঙ্গী সদরদী গ্রামের একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার রাতেও হানিফ শেখের সঙ্গে তার স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। এরই জেরে আজ সোমবার ভোরে হানিফ ঘুমিয়ে থাকা অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে তার গোপনাঙ্গে আঘাত করেন স্ত্রী। হানিফের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে স্থানীয়রা অভিযুক্ত সুমাইয়া আক্তারকে আটক করে পুলিশে খবর দেন। পরে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
গত দেড় মাস আগে স্ত্রী সুমাইয়া আক্তারকে (২২) নিয়ে হোগলাডাঙ্গী সদরদী গ্রামের একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন হানিফ শেখ। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল বলে জানা গেছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। ঘটনার কারণ ও প্রকৃত পরিস্থিতি উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে এ ঘটনায় অভিযুক্তের বিষয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।