কোম্যানের আক্ষেপ: বড্ড আগেই মরক্কো-নেদারল্যান্ডস মহারণ

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৩:০০ পিএম

“এই ম্যাচটি বড্ড তাড়াতাড়ি চলে এলো। আমরা দুই দলই আরও অনেক দূর যাওয়ার যোগ্য।”

বিশ্বকাপের শেষ ৩২-এর হাইভোল্টেজ ম্যাচে মরক্কোর মুখোমুখি হওয়ার আগে ডাচ কোচ রোনাল্ড কোম্যানের এই একটি বাক্যই বুঝিয়ে দিচ্ছে মেক্সিকোর মন্তেরেইতে আগামীকাল মঙ্গলবার কেমন বারুদ ঠাসা লড়াই অপেক্ষা করছে। চার বছর আগে কাতার বিশ্বকাপে এই দুই দলই ফুটবল বিশ্বকে মন্ত্রমুগ্ধ করেছিল। আফ্রিকান ও আরব দেশ হিসেবে প্রথমবার সেমিফাইনালের রূপকথা লিখেছিল মরক্কো, আর ডাচরা কোয়ার্টার ফাইনালে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল। এবার নকআউটের শুরুতেই দুই পরাশক্তির এমন মুখোমুখি অবস্থানকে ফুটবলপ্রেমীরা দেখছেন ‘সময়ের আগের ফাইনাল’ হিসেবে।

ডাচ ড্রেসিংরুমে অবশ্য এই কঠিন পরীক্ষা নিয়ে ভয়ের চেয়ে রোমাঞ্চই বেশি। ডাচ অধিনায়ক ভার্জিল ফন ডাইক সরাসরি সমীহ করেছেন মরক্কোর শক্তির জায়গাকে। তার মতে, পিএসজির রাইট-ব্যাক আশরাফ হাকিমি এই মুহূর্তে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা। শুধু হাকিমিই নন, পিএসভি আইন্দহোভেনের হয়ে মাঠ কাঁপানো স্ট্রাইকার ইসমায়েল সাইবারি, ব্রাহিম দিয়াজ কিংবা ১৮ বছর বয়সী তরুণ মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দির মতো প্রতিভাদের নিয়ে মরক্কো যেকোনো রক্ষণভাগ গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তবে প্রতিপক্ষকে কাটাছেঁড়া করে ডাচরা যে নিজেদের রণকৌশল সাজিয়ে ফেলেছে, তা ফন ডাইকের আত্মবিশ্বাসী কণ্ঠেই স্পষ্ট।

তবে সব বিশ্লেষণ শেষ করে মাঠে নামার জন্য ডাচরা মুখিয়ে আছে জানিয়ে ফন ডাইক বলেন, “আমরা তাদের বিশ্লেষণ করেছি, অনুশীলন করেছি এবং দুটি খুব ভালো সেশন পার করেছি। যা বলার এবং করার তা শেষ, এখন সব আমাদের ওপর নির্ভর করছে। আমি এই ম্যাচটির জন্য সত্যিই উন্মুখ হয়ে আছি। প্রতিকূল পরিস্থিতিতে এটি একটি চ্যালেঞ্জিং ম্যাচ হতে যাচ্ছে, তবে আমি এর জন্য প্রস্তুত। এই ধরনের ম্যাচেরই তো আপনি অংশ হতে চাইবেন।” 

ফুটবল বিশ্ব এই ম্যাচকে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের মঞ্চ হিসেবে দেখলেও, লিভারপুল ডিফেন্ডার ফন ডাইক একে দেখছেন শুধুই বাস্তবতার নিরিখে। নিজেদের প্রমাণের কোনো তাগিদ তাদের নেই জানিয়ে তার স্পষ্ট বক্তব্য, “আমার মনে হয় না আমাদের কোনো বার্তা দেওয়ার বা নিজেদের প্রমাণ করার প্রয়োজন আছে। আমার মতে পরিস্থিতিটা এমনই যে আমরা এখন যেখানে আছি, সেখানেই আছি। নিরপেক্ষ দর্শকদের উপভোগ করার জন্য এটি একটি চমৎকার ম্যাচ হতে যাচ্ছে। আর আমাদের জন্য এটাই বাস্তবতা—আমরা এখন এখানে এবং মরক্কো ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত।” 

এদিকে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে ডাচ কোচ কোম্যান তো অকপটেই স্বীকার করলেন, এই লড়াইটি বড্ড তাড়াতাড়ি চলে এসেছে। তিনি বলেন, “এই টুর্নামেন্টে এই ম্যাচটি এখনই অনুষ্ঠিত হওয়া অনেক বড় একটি বিষয়, কারণ আমরা দুই দলই আরও অনেক দূর যাওয়ার যোগ্য। টুর্নামেন্টে যত দূর সম্ভব যেতে চায়—এমন দুটি দলের মধ্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ এবং আমি বলব, বিশ্বকাপে এই ধরণের ম্যাচ একটু বেশি তাড়াতড়িই চলে এলো। তবে বাস্তবতা যা, তা-ই এবং এটি অত্যন্ত আকর্ষণীয় একটি ম্যাচ হতে যাচ্ছে। আমরা আক্রমণাত্মক ফুটবল খেলতে যাচ্ছি।” 

মরক্কোর প্রতিভা ও আক্রমণভাগকে সমীহ করলেও নিজেদের সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা রাখছেন কোম্যান। প্রতিপক্ষকে রুখে দেওয়ার ছক কষে ফেলেছেন জানিয়ে তিনি যোগ করেন, “তাদের অনেক প্রতিভা আছে, কিন্তু আমাদেরও আছে। আমরা জানি ঠিক কোন জায়গায় তাদের থামাতে হবে, কীভাবে তাদের ভাঙতে হবে; তাই আমরা মোটেও চিন্তিত নই।” 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত