দুধকুমারের পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপরে, বন্যার শঙ্কা

মাত্র দুই ঘণ্টার ব্যবধানে কুড়িগ্রামের দুধকুমার নদের পানি আরও ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানিও দ্রুত বাড়তে থাকায় জেলার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুর ১২টার তথ্য অনুযায়ী, দুধকুমার নদের পানি বিপদসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে বিভিন্ন নিম্নাঞ্চলে ইতোমধ্যে বন্যার পানি প্রবেশ করতে শুরু করেছে। অনেক গ্রামীণ কাঁচা সড়ক তলিয়ে যাওয়ায় স্থানীয়দের চলাচলে দুর্ভোগ দেখা দিয়েছে।

নদীর পানি ক্রমাগত বাড়তে থাকায় নদীতীরবর্তী এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। বিশেষ করে আমন মৌসুমের প্রস্তুতি ও বিভিন্ন সবজি চাষ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা।

কুড়িগ্রাম আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিনও থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যা নদ-নদীর পানি আরও বাড়িয়ে দিতে পারে।

ধরলা নদীর অববাহিকার ছড়ারপাড় এলাকার কৃষক আতাউর রহমান বলেন, গতকালের পানি বৃদ্ধিতেই আমার বিভিন্ন সবজির ক্ষেত তলিয়ে গেছে। এখন খুব দুশ্চিন্তায় আছি, সামনে কী হবে বুঝতে পারছি না।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, উজানে ভারী বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের সব নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে দুধকুমার নদের পানি ইতোমধ্যে বিপদসীমা অতিক্রম করেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আগামী ৩ থেকে ৪ দিন পানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।