সংসদে জ্বালানি মন্ত্রী

বিদ্যুৎ সংকটের উত্তরণ ঘটছে, লোডশেডিং কমবে ৩০০ মেগাওয়াটে

দেশব্যাপী চলমান বিদ্যুৎ সংকটের ধকল কাটিয়ে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসছে বলে সংসদকে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। 

গত রবিবার বড় ধরনের লোডশেডিংয়ের পর পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং ঘাটতি মাত্র ৩৩৯ মেগাওয়াটে নেমে এসেছে বলে উল্লেখ করেন তিনি। 

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে মন্ত্রী এই তথ্য জানান।

সংসদে দেওয়া বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ দেশের চলমান বিদ্যুৎ সংকটের পেছনের মূল কারণ ব্যাখ্যা করে বলেন, ‘আমি দেশের একটি অনাকাঙ্ক্ষিত ক্রাইসিসের (সংকট) ব্যাপারে বক্তব্য রাখছি। গতকাল (রবিবার) আমাদের দুইটি বড় পাওয়ার জেনারেশন (বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র) হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল। যার ফলে বাধ্য হয়ে গতকালকে আমাদের সারা দেশে বড় আকারে লোডশেডিং দিতে হয়েছিল।’

গত রবিবার পরিস্থিতি খারাপ থাকলেও সরকারের দ্রুত পদক্ষেপে আজকের মধ্যেই বিদ্যুৎ খাতের এই বড় ধাক্কা সামলে ওঠা সম্ভব হয়েছে বলে জানান মন্ত্রী। সংসদের হাউস ও দেশের জনগণকে আশ্বস্ত করে আনন্দের সাথে তিনি বর্তমান পরিসংখ্যান তুলে ধরে বলেন, বর্তমানে আমাদের বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ১৪,৫০০ মেগাওয়াট; যার বিপরীতে চাহিদা রয়েছে ১৪,৮৩৯ মেগাওয়াটের। ফলে ঘাটতি বা লোডশেডিংয়ের পরিমাণ এখন মাত্র ৩৩৯ মেগাওয়াট।

মন্ত্রী জানান, সরকার এই সামান্য ঘাটতিটুকুও দ্রুত দূর করার জন্য নিরলস কাজ করছে। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আমরা চেষ্টা করছি এই ৩০০ মেগাওয়াটের ঘাটতিকেও সম্পূর্ণ কমিয়ে নিয়ে আসার জন্য। তবে সাময়িকভাবে এখনও কিছু কিছু জায়গায় সামান্য লোডশেডিং থাকবে। দেশের কোথাও যেন কোনো লোডশেডিং না থাকে, সেজন্য আমরা পুরোপুরি সচেষ্ট আছি।’ গতকালকের বিপর্যয়কর পরিস্থিতি থেকে আজকের এই ইতিবাচক উত্তরণের জন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে এবং স্পিকারকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী তার বক্তব্য শেষ করেন।