গাইবান্ধায় দফায় দফায় বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানি অব্যাহত রয়েছে। এতে জেলার নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে নদীর পানি বিপদসীমার নিচে অবস্থান করছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলায় বৃষ্টি হয়েছে ২৫ মিলিমিটার।
সোমবার (২৯ জুন) গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নিয়ন্ত্রণকক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল থেকে ভারী বৃষ্টি হওয়াতে জেলার নদ-নদী পানি বাড়ছে। গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি উপজেলার তিস্তামুখঘাট পয়েন্টে ১৩ সেন্টিমিটার, ঘাঘট নদীর পানি জেলা শহরের নতুন ব্রিজ পয়েন্টে ৩১ সেন্টিমিটার এবং করতোয়ার পানি গোবিন্দগঞ্জ উপজেলার চকরহিমাপুর পয়েন্টে ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি রংপুরের কাউনিয়া পয়েন্টে ৭২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।
গতকাল রবিবার বিকাল ৩টা থেকে আজ সোমবার বিকাল ৩টা পর্যন্ত এই পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে। জেলায় গত ২৪ ঘন্টায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সবগুলো নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
ফুলছড়ি উপজেলার রসুলপুর চরের জাতরুল ইসলাম বলেন, গত রাত থেকে নদীর পানি বাড়তে শুরু করেছে। যে সমস্ত চরাঞ্চল জেগে উঠেছিল, সেগুলোর নিন্মাঞ্চল কিছু কিছু অংশ ডুবতে শুরু করেছে। একই গ্রামের আতোয়ার রানা বলেন, পানি বৃদ্ধির সাথে ভাঙন দেখা দিয়েছে। পুরাতন অনেক চরাঞ্চলে আবাদি জমি নদী গর্ভে বিলীন হচ্ছে। অনেক পরিবার ভাঙনের কারণে বসতবাড়ি ছেড়ে যাচ্ছে। চোখের সামনে এমন দৃশ্য, কিছুই করতে পারছি না।
গাইবান্ধা পাউবো কার্যালয় সূত্র জানায়, রাত থেকে থেমে থেমে বৃষ্টিতে জেলার করতোয়ার, তিস্তা, ঘাঘট ও ব্রহ্মপুত্র নদ- নদীর পানি বাড়তে শুরু করেছে । তবে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি আরও বাড়তে পারে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী সপ্তাহে জেলায় বন্যা শঙ্কা আছে।