ইরানি সাইবার হামলা তিন গুণ বেড়েছে, দাবি ইসরায়েলের

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে ইসরায়েলের ওপর ইরানি সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছেন দেশটির এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা।

ইসরায়েলের জাতীয় সাইবার অধিদপ্তরের মহাপরিচালক ইয়োসি কারাদি জার্মান সংবাদপত্র ডাই ভেল্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ২০২৫ সালের জুনে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় এক হাজার ছয়শ শত্রুভাবাপন্ন সাইবার হামলার ঘটনা নথিভুক্ত হয়েছিল। চলতি বছরের জুনে সেই সংখ্যা বেড়ে প্রায় চার হাজার আটশতে পৌঁছেছে।

কারাদির ভাষ্য, কিছু হ্যাকার গোষ্ঠী অত্যন্ত দক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও তাদের হুমকিকে হালকাভাবে দেখার সুযোগ নেই। তিনি বলেন, প্রচলিত যুদ্ধের মতো সাইবার জগতে কোনো যুদ্ধবিরতি নেই।

তার দাবি, এসব হামলার মূল লক্ষ্য ছিল ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো, সরকারি প্রতিষ্ঠান, ছোট ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠান, আইন ও হিসাবরক্ষণ সংস্থা এবং সাধারণ মানুষের ব্যবহৃত বিভিন্ন ডিজিটাল সিস্টেম। তবে গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর পরিচালিত সব হামলাই প্রতিহত করা হয়েছে বলে তিনি দাবি করেন।

এছাড়া যেসব প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা দুর্বল ছিল, সেগুলোর কম্পিউটার সিস্টেমে অনুপ্রবেশ করে তথ্য মুছে ফেলার ঘটনাও ঘটেছে বলে জানান কারাদি।

তবে ইসরায়েলের এসব অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ইরান।