রাউজানে লাঠির আঘাতে চাচাতো ভাইয়ের মৃত্যু

চট্টগ্রামের রাউজানে গাছ বিক্রি নিয়ে বিরোধের জেরে জ্যাঠাতো ভাইয়ের লাঠির আঘাতে গুরুতর আহত ব্যবসায়ী মো. আবদুল মান্নান সওদাগর (৩৭) নগরের বেসরকারি একটি হাসপাতালে চারদিন চিকিৎসাধীন থাকার পর গতকাল রবিবার (২৮ জুন) রাত ২টার দিকে মারা গেছেন। নিহত মান্নান উপজেলার হলদিয়া ইউনিয়নের জানিপাথর এলাকার মো. কবির আহম্মদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ জুন দুপুরে জানিপাথর বাজারে গাছ বিক্রি নিয়ে মান্নান সওদাগরের সঙ্গে তার জ্যাঠাতো ভাই শাহাজানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাহাজান একটি লাঠি দিয়ে মাথায় আঘাত করলে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন মান্নান। এ সময় শাহজাহান পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা মান্নানকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।

অবস্থার অবনতি হলে তাকে নগরের বায়েজিদ এলাকায় বেসরকারি সাজিনাজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই গতকাল রাতে তিনি মারা যান। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গাছ বিক্রি নিয়ে বিরোধের জেরে চার-পাঁচদিন  আগে চাচাতো ভাই আবদুল মান্নানকে লাঠি দিয়ে আঘাত করেছিলেন শাহজাহান। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।