ম্যাডোনার ক্ষোভ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের তীব্র সমালোচনা করেছেন পপসম্রাজ্ঞী ম্যাডোনা। ফ্যাশন সাময়িকী ‘ভোগ ইতালিয়া’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ক্ষোভ প্রকাশ করে বলেন, অ্যালগরিদম ও এআই-এর ওপর নির্ভর করা হলো মূলত ‘শিল্প সৃষ্টির বিপরীত’।

ম্যাডোনার মতে, বর্তমান শিল্পীদের মনোযোগ কাজের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের ফলোয়ারের সংখ্যার দিকে বেশি। নিজের ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা স্মরণ করে তিনি জানান, আগে শিল্পীরা একসঙ্গে জড়ো হয়ে কাজ করতেন, কিন্তু এখন চুক্তি পাওয়ার ক্ষেত্রে কার কত ফলোয়ার তা দেখা হয়। এই সংখ্যার প্রতিযোগিতার বিরুদ্ধে নিজের অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, ক্যারিয়ারে চার্ট বা স্ট্রিমিংয়ের সংখ্যা নিয়ে তিনি কখনো মাথা ঘামাননি।

নতুন গান তৈরির সময় ম্যাডোনা প্রযুক্তি ও সামাজিক ব্যস্ততা থেকে নিজেকে পুরোপুরি দূরে রাখেন। তিনি মনে করেন, কল্পনাকে উজ্জীবিত করতে লোকচক্ষুর আড়ালে গিয়ে প্রকৃতি, সন্তান ও নিজের পোষা ঘোড়াগুলোর সঙ্গে সময় কাটানো প্রয়োজন। এর আগেও সোশ্যাল মিডিয়া মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত করে উল্লেখ করে ভক্তদের ফোন নামিয়ে রাখার আহ্বান জানিয়েছিলেন এই পপ তারকা।