আশা করছি নির্বাচনে সবার ভালোবাসা ও সমর্থন পাব

আপডেট : ৩০ জুন ২০২৬, ০৭:১২ এএম

চিত্রনায়িকা শিরীন শিলা। অভিনয়ের মাধ্যমে রুপালি পর্দায় নিজের একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। ‘হিটম্যান’, ‘মিয়া বিবি রাজি’, ‘বেগমজান’ কিংবা সাম্প্রতিক ‘শেষ বাজি’ ও ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাগুলোর মাধ্যমে তিনি হাজির হয়েছেন ভিন্ন ভিন্ন রূপে। এবার চারটি সিনেমার কাজ শেষ করেছেন, রয়েছে মুক্তির অপেক্ষায়। এছাড়া শিল্পী সমিতির নির্বাচনে সদস্য পদে নির্বাচন করতে যাচ্ছেন এই শিল্পী। বিস্তারিত কথা হয় তার সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন- তারেক আনন্দ

চারটি সিনেমার শুটিং শেষ করেছেন। মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলো নিয়ে আপনার প্রত্যাশা কেমন?

চারটি সিনেমা নিয়ে ভীষণ আশাবাদী। ছবিগুলো হচ্ছে মেহেদী হাসানের ‘নদীর জলে শাপলা ভাসে’, আবুল হোসেন মজুমদারের ‘ভালোবাসি তোমায়’, কামরুজ্জামানের ‘যাযাবর’ এবং এসডি রুবেলের ‘নীল আকাশে পাখি ওড়ে’। এর মধ্যে ‘যাযাবর’-এর সামান্য কিছু কাজ বাকি, অন্য সবগুলোর নির্মাণ শেষ। প্রতিটি সিনেমার গল্পই অন্যরকম। বিশেষ করে ‘নদীর জলে শাপলা ভাসে’ এবং ‘ভালোবাসি তোমায়’, এই দুটি ছবির গল্প একদম আমার মনের মতো হয়েছে। পরিচালক আবুল হোসেন মজুমদার ও কামরুজ্জামান ভাই অত্যন্ত যতœ নিয়ে কাজগুলো করেছেন। চরিত্রগুলোর মধ্যে দর্শকরা নতুন এক শিরীন শিলাকে খুঁজে পাবেন।

এখন তো সিনেমার সংখ্যা আগের চেয়ে কমেছে, নতুন কাজের কী খবর?

সত্যি বলতে, আগের মতো নিয়মিত ঢালাওভাবে সিনেমা এখন আর নির্মাণ হচ্ছে না। এর মধ্যেও কিন্তু বেশ কিছু নতুন কাজের প্রস্তাব আমার কাছে এসেছে। তবে গল্প, চরিত্র বা অন্যান্য আয়োজন, সবকিছু মিলিয়ে ‘ব্যাটে-বলে’ মেলেনি। একজন শিল্পী হিসেবে আমি তাড়াহুড়ো না করে ভালো কাজের জন্য অপেক্ষা করতেই পছন্দ করি।

ভবিষ্যতে কেমন চরিত্রে নিজেকে দেখার ইচ্ছা?

প্রত্যেকটি নায়িকারই স্বপ্ন থাকে কালজয়ী কিছু গল্প ও চরিত্রে মিশে যাওয়ার। আমিও সেই স্বপ্নেই মগ্ন থাকি। তবে ইন্ডাস্ট্রির বর্তমান যে পরিস্থিতি, তাতে আগামীতে মনের মতো চরিত্র কতটা পাব, তা নিয়ে একটা সংশয় তো থেকেই যায়।

ইন্ডাস্ট্রির এই পরিস্থিতি নিয়ে আপনার প্রত্যাশা কী?

আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থাটা আমরা সবাই কম-বেশি জানি। এই সংকটকাল কাটিয়ে সিনেমার ঘুরে দাঁড়ানো এখন সবচেয়ে বেশি প্রয়োজন। আমরা সবাই মিলে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সেই সোনালি দিন এবং হারানো ঐতিহ্যটা ফিরে পেতে চাই।

শোনা যাচ্ছে এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিচ্ছেন?

এবারই প্রথম আমি শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিচ্ছি। আগামী ৩ জুলাই অনুষ্ঠিতব্য এই নির্বাচনে আমি কার্যনির্বাহী সদস্য পদের জন্য লড়াই করছি। সহকর্মীদের পাশে থাকা এবং চলচ্চিত্রের স্বার্থে কাজ করার লক্ষ্য নিয়েই আমার এই প্রথম নির্বাচনে আসা। আশা করছি সবার ভালোবাসা ও সমর্থন পাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত