ছোট পর্দার অন্যতম জনপ্রিয় ও নির্ভরযোগ্য অভিনেত্রী অহনা রহমান। দীর্ঘ ক্যারিয়ারে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে নির্মাতাদের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে ইউটিউবে অহনা অভিনীত বেশ কয়েকটি নাটক মুক্তি পেয়েছে এবং অল্প সময়েই সেগুলো দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।
তার নতুন নাটকগুলো হলো মাহমুদ হাসান রানার ‘জামাই কিছুই বোঝে না’ ও ‘জামাই বউয়ের তেলেসমাতি’, জিয়া উদ্দিন আলমের ‘অশান্তির সংসার’ ও ‘ভুল মানুষের ঘর’, জাকিউল ইসলাম রিপনের ‘নিয়তির খেলা’, মাহমুদ হাসান শিকদারের ‘বিলকিসের ভাতের হোটেল’ এবং মহিন খানের ‘বউয়ের পতন’। এর মধ্যে লেজার ভিশনের চ্যানেলে প্রকাশিত ‘নিয়তির খেলা’ ও এটিএন বাংলার চ্যানেলে আসা ‘বিলকিসের ভাতের হোটেল’-এর নামভূমিকায় অহনার অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে।
অহনা বলেন, “এখন যেকোনো কাজের ক্ষেত্রে আমি গল্প ও চরিত্রকে সবচেয়ে বেশি প্রাধান্য দিই। শুধু অভিনয় করার জন্য অভিনয় করার দিন শেষ। ‘নিয়তির খেলা’ ও ‘বিলকিসের ভাতের হোটেল’, দুটি নাটকের জন্যই আমি ভীষণ শ্রম দিয়েছি এবং দর্শকও তার ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন।”
সহশিল্পী প্রসঙ্গে অহনা স্পষ্ট জানান, পর্দায় তার সহশিল্পী কে হচ্ছেন, তা নিয়ে তার কোনো মাথাব্যথা নেই। পরিচালক যাকে চরিত্রের জন্য যোগ্য মনে করবেন, তিনি তার সঙ্গেই শতভাগ মনোযোগ দিয়ে কাজ করতে পছন্দ করেন।