ফিরছেন ইমরান হাশমি

বলিউড অভিনেতা ইমরান হাশমির ক্যারিয়ারের অন্যতম সেরা এবং ‘কাল্ট ক্লাসিক’ সিনেমা ‘আওয়ারাদ্ধান’। ২০০৭ সালে মুক্তি পাওয়া সেই অ্যাকশন-ড্রামার দীর্ঘ ১৯ বছর পর এবার আসছে সিক্যুয়াল ‘আওয়ারাদ্ধান ২’। সোমবার সিনেমাটির প্রযোজক বিশেষ ভাট এর প্রথম টিজার প্রকাশ করেছেন, যা মূলত ইমরান হাশমির আবেগঘন ও রহস্যময় প্রত্যাবর্তনকে কেন্দ্র করেই সাজানো হয়েছে।

টিজারে আবারও ‘শিবম প-িত’ চরিত্রে হাজির হয়ে ভক্তদের নস্টালজিয়া উসকে দিয়েছেন ইমরান। যেখানে তাকে এক বিষাদগ্রস্ত ও ক্ষতবিক্ষত মানুষের রূপে দেখা গেছে। ব্যাকগ্রাউন্ডে ইমরানের চেনা কণ্ঠের ধারাভাষ্যে শোনা যায়, ‘কিছু মানুষের গল্প নিজের ইচ্ছায় শেষ হয় না, তাদের গল্প লেখা হয় অন্যদের জন্য।’ কষ্টের সঙ্গে নিজের পুরনো সম্পর্কের কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘এবার হয় এই আওয়ারাদ্ধান শেষ হবে, না হয় আমি।’ টিজারের একপর্যায়ে তাকে বহুতল ভবনের প্রান্তে দাঁড়িয়ে আত্মাহুতির কথা ভাবতেও দেখা যায়।

সিনেমাটির অন্যতম বড় আকর্ষণ এর সংগীত। টিজারে নতুন আঙ্গিকে ব্যবহৃত হয়েছে মূল সিনেমার কালজয়ী গান ‘তো ফির আও ২.০’। মিথুনের সুর ও সাঈদ কাদরীর কথায় গানটি সিক্যুয়ালের আবেগকে আরও বাড়িয়ে দিয়েছে। এর আগে গত বছর এক বিশেষ ভিডিওতে ইমরান হাশমিকে সূর্যাস্তের সময় নৌকাভ্রমণ ও পায়রা উড়িয়ে মূল সিনেমার এক স্মৃতিময় দৃশ্য পুনর্নির্মাণ করতে দেখা গিয়েছিল।

বিলাল সিদ্দিকীর সংলাপে সিনেমাটি পরিচালনা করছেন নিতিন কক্কর। এতে ইমরান হাশমির পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দিশা পাটানি এবং খলচরিত্রে শাবানা আজমিকে। আগামী ১৪ আগস্ট বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আওয়ারাদ্ধান ২’। বক্স অফিসে এটি সানি দেওলের ‘বাটোয়ারা ১৯৪৭’ সিনেমার মুখোমুখি হবে।