জাইমা রহমানকে নিয়ে অশালীন মন্তব্য, যুবককে পুলিশে দিল ছাত্রদল

প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও অশালীন মন্তব্য করার অভিযোগে মোসলেহ উদ্দিন জনি (২৩) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ছাত্রদল ও এলাকাবাসী।

সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের পূর্ব জয় নারায়নপুর এলাকার বক্সআলী মৌলভী বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। জনি ওই বাড়ির মৃত মো. মোস্তফার ছেলে। সম্প্রতি সে প্রবাস থেকে দেশে এসেছে।

​স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, অভিযুক্ত জনি দীর্ঘদিন ধরে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে বিভিন্ন আপত্তিকর ও অশালীন মন্তব্য করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় সোমবার ও একটি বিতর্কিত পোস্ট করেন তিনি। বিষয়টি স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের নজরে এলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। বিকালে জনি নিজ বাড়ির সামনে অবস্থান করছেন এমন খবর পেয়ে রাজাপুর ইউনিয়ন ছাত্রদল নেতা নাজিম উদ্দিন চৌধুরী, আশিক, রনি ও পলাশের নেতৃত্বে স্থানীয় যুবকেরা তাকে ঘেরাও করে আটক করে। পরে একটি ঘরের গ্রিলের সাথে তাকে বেঁধে রেখে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

​এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের নোংরা ও অশালীন মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তারা।

​দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান জানান, আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনার পেছনে অন্য কারও ইন্ধন বা উসকানি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।