কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিন্থী ও তার মা তাহমিনা বেগমকে হত্যার দায়ে কবিরাজ মোবারক হোসেনের (২৯) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দুই হত্যার ঘটনায় তাকে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে সুমাইয়াকে হত্যার দায়ে দুই লাখ এবং তার মাকে হত্যার দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইয়াছিন আরাফাত এ রায় ঘোষণা করেন।
কুমিল্লার আদালতের পুলিশ পরিদর্শক সাদেকুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোবারক হোসেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার কাবিলপুর গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে। তিনি কুমিল্লা নগরের বাগিচাগাঁও এলাকায় বসবাস করতেন। ঝাড়ফুঁক ও কবিরাজির পাশাপাশি নগরের বাবুস সালাম জামে মসজিদের খাদেম হিসেবে দায়িত্ব পালন করতেন তিনি।
মামলার এজাহার ও আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের ৮ সেপ্টেম্বর কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। সুমাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
ঘটনার দিনই অভিযান চালিয়ে কবিরাজ মোবারক হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ৯ সেপ্টেম্বর রাতে কুমিল্লার ১ নম্বর আমলি আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে মোবারক জানান, ঝাড়ফুঁকের সূত্র ধরে সুমাইয়ার পরিবারের সঙ্গে তার পরিচয় হয়। ঘটনার আগে প্রায় এক মাস ধরে তিনি ওই বাসায় যাতায়াত করতেন। একপর্যায়ে সুমাইয়াকে ঝাড়ফুঁক দেওয়ার সময় ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় সুমাইয়ার মা তাহমিনা বেগম বিষয়টি দেখে ফেলেন। পরে প্রথমে তাকে শ্বাসরোধে হত্যা করেন মোবারক। এরপর সুমাইয়াকেও হত্যা করেন তিনি।
রায়ের পর বাদীপক্ষের আইনজীবী মোতালেব হোসেন বলেন, আদালতের এই ঐতিহাসিক রায়ে আমরা সন্তুষ্ট। আশা করছি, দ্রুত এই রায় কার্যকর করা হবে।
শিশু হত্যা মামলায় রিকশাচালকের মৃত্যুদণ্ড