গজারিয়া

শিক্ষার্থীকে জিম্মি করে মুক্তিপণ দাবি, দোষীদের গ্রেপ্তারে মানববন্ধন 

মুন্সীগঞ্জের গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর মেধাবী শিক্ষার্থী মো. হিমেল তালুকদারকে জিম্মি করে দীর্ঘ সময় শারীরিক নির্যাতন, মাদকদ্রব্য দিয়ে ভিডিও ধারণ ও মুক্তিপণ দাবির ঘটনার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানব বন্ধন করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টায় গজারিয়া স. টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র/ছাত্রীর ব্যানারে উপজেলার ভবেরচরস্থ গজারিয়া থানার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, একই প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির মেধাবী শিক্ষার্থী মো. রেদোয়ান আহমেদ হিমেলকে পরিকল্পিতভাবে অপহরণ করে দীর্ঘ সময় আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। পরে তাকে জোরপূর্বক মাদক সেবন করিয়ে ভিডিও ধারণ করা হয়েছে বলে দাবি করেন তারা। 

মানববন্ধনে উপস্থিত হাফিজ নামে এক শিক্ষার্থী বলেন, একজন শিক্ষার্থীর সঙ্গে এমন অমানবিক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান তারা।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৭ জুন সন্ধ্যায় পরীক্ষার ফলাফল জানার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর হিমেলের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে রাতে উপজেলার আব্দুল্লাপুর ও পুরান বাউশিয়া এলাকার তিন রাস্তার মোড়ে কয়েকজন যুবক তার পথরোধ করে তাকে তুলে নিয়ে যায়।

অভিযোগে সূত্রে আরও জানা যায়, নির্জন স্থানে নিয়ে হিমেলকে মারধর করা হয় এবং পরিবারের কাছে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তার হাতে মাদকদ্রব্য দিয়ে ভিডিও ধারণ করা হয়। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযুক্তরা পরবর্তীতে মোবাইল ফেরত দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে অর্থ দাবি করে। পরে স্থানীয়দের সহায়তায় অসুস্থ অবস্থায় হিমেলকে উদ্ধার করে বাড়িতে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে গজারিয়া থানার সেকেন্ড অফিসার এস আই (নিরস্ত্র) বিজন বাড়ৈ জানায়, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।