চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

আপডেট : ২৫ জুন ২০২৬, ১২:৩৫ পিএম

​মুন্সীগঞ্জের শ্রীনগরে মোবাইল চুরির অভিযোগে গণপিটুনিতে শাহাদাত নামে এক যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। তার বয়স ২৭ বছর। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মোবাইল চুরির একটি অভিযোগকে কেন্দ্র করে বুধবার গভীর রাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শাহাদাতকে আটক করা হয়। এরপর উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হলে মরদেহ সড়কের ওপর ফেলে রাখা হয়। পরে বৃহস্পতিবার ভোরে শ্যামসিদ্ধি মত্তগ্রাম সড়কের ওপর হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর পাঠায়। শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে।

শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, নিহত শাহাদাতের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রস্তুতিসহ ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত