জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও ইমরান মাহমুদুল দীর্ঘদিন পর আবারও একসঙ্গে কণ্ঠ দিলেন। নতুন চলচ্চিত্র ‘শিকার’-এর জন্য তারা গেয়েছেন রোমান্টিক গান ‘দুজন মিলে বাঁচব এক জীবন’। গানটির কথা লিখেছেন জনপ্রিয় গীতিকবি কবির বকুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান মাহমুদুল। গত রোববার সন্ধ্যায় গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
নির্মাতাদের আশা, মেলোডি ঘরানার এই গানটি দীর্ঘদিন পর ইমরান-ন্যান্সি জুটির পরিচিত রসায়ন আবারও ফিরিয়ে আনবে এবং শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।রেকর্ডিং শেষে গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দুই শিল্পী। ন্যান্সি বলেন, ‘ইমরানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই দারুণ। গানটির কথা ও সুর এত সুন্দর যে এটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। অনেক দিন পর মনের মতো একটি চলচ্চিত্রের গান গাইলাম।’
ইমরান মাহমুদুল বলেন, ‘ন্যান্সি আপা আমাদের সংগীতের এক অনন্য কণ্ঠ। তার সঙ্গে ডুয়েট গান করা সবসময়ই বিশেষ অনুভূতির। এই গানটির জন্য আমরা দুজনেই অনেক দিন অপেক্ষা করছিলাম। আশা করছি, শ্রোতারা নিরাশ হবেন না।’