সাভারে ম্যাকপাই কম্পোজিট নামে একটি পোশাক কারখানার অন্তত ২৫ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনার পরে অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে সাভারে ল্যাবজোন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকায় ওই পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়ে অসুস্থ হয়ে পড়েন। পোশাক শ্রমিক রুপালি বেগম জানান, সকালে পোশাক শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিয়েছিল। কিন্তু বেলা ১০টার পরে থেকে বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ বোধ করেন।
হঠাৎ বমি ও অনেকের মাথা ঘোরাচ্ছিল। পরে কারখানার কর্তৃপক্ষ অসুস্থ শ্রমিকদের হাসপাতালে নিয়ে আসে বলে জানান তিনি। সাভার ল্যাবজোন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল আহাদ বলেন, সকাল ১০টার পরে নারী ও পুরুষসহ ২৫ পোশাক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে আসেন। তাদের বমি ও মাথা ঘোরানোর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়।
তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। ম্যাকপাই কম্পোজিটের ফায়ার সেফটি কর্মকর্তা নাহিদ হাসান জানান, গতকাল কয়েকজন শ্রমিক অসুস্থ বোধ করলে তাদের ছুটি দিয়ে দেয়া হয়। তবে আজ সকালের পোশাক শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পরে আবার হঠাৎ কয়েকজন অসুস্থ বোধ করে। পরে তাদের চিকিৎসার জন্য সাভার ল্যাব যখন হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।