বেলকুচিতে প্রধান শিক্ষকের ওপর হামলার অভিযোগ

সিরাজগঞ্জের বেলকুচিতে স্কুল ম্যানেজিং কমিটিকে কেন্দ্র করে প্রধান শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টার দিকে গোপরেখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম স্কুলে পৌঁছানো মাত্রই পূর্বপরিকল্পিতভাবে দৌলতপুর ইউনিয়নের আতাউর মেম্বারের নেতৃত্বে ৮–১০ জন মিলে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

হামলায় আহত হয়ে তিনি বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এ ঘটনায় বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর এবং এনায়েতপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আতাউরের দুই অনুসারী ইব্রাহিম ও বাবুকে স্কুল ম্যানেজিং কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য প্রধান শিক্ষককে চাপ দেওয়া হয়। স্কুল ম্যানেজিং কমিটির নীতিমালার আওতায় না থাকায় প্রধান শিক্ষক তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করেননি। এ কারণেই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ।

এ বিষয়ে গোপরেখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, দৌলতপুর ইউনিয়নের আতাউর মেম্বার তার দুই অনুসারী ইব্রাহিম ও বাবুকে স্কুল ম্যানেজিং কমিটিতে অন্তর্ভুক্ত করতে বলেন। তারা নীতিমালার আওতায় না থাকায় তাদের কমিটিতে রাখা হয়নি। সেই ক্ষোভে আজ সকাল ৯টার দিকে তার ওপর হামলা চালানো হয়।

তিনি আরও বলেন, হামলায় তিনি গুরুতর আহত হয়ে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এনায়েতপুর থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগের বিষয়ে আতাউর মেম্বার বলেন, প্রধান শিক্ষক প্রতিবারের মতো এবারও অনৈতিকভাবে পকেট কমিটি গঠনের চেষ্টা করেন। এ বিষয়ে বিরোধিতা করলে প্রধান শিক্ষক ও তার অনুসারীরা তার ওপর চড়াও হন। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজনের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

এ বিষয়ে এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান বলেন, প্রধান শিক্ষকের ওপর হামলার অভিযোগ পেয়েছি। এনায়েতপুর থানাকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।