জুবিন গার্গ নিয়ে চলচ্চিত্র, আসছে নতুন জুটি

কোটি কোটি শ্রোতার হৃদয়ে তার গানের জাদু। আসাম থেকে বাংলা— তার কণ্ঠের জাদুতে বুঁদ সব প্রজন্ম। তিনি কিংবদন্তি শিল্পী জুবিন গার্গ। এবার এই সুরের জাদুকরের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে টলিউডে আসছে এক নতুন মিউজিক্যাল ড্রামা ‘লাভ ইউ জুবিন দা’। সংগীত, আবেগ, স্বপ্ন এবং এক লড়াকু তরুণের সংগ্রামের গল্প নিয়ে তৈরি এই ছবি পরিচালনা করছেন বিখ্যাত সংগীত পরিচালক শ্রী প্রীতম। গ্রিবস মিডিয়া অ্যান্ড প্রোডাকশন প্রাইভেট লিমিটেড এবং বর্ষা মুভিজ-এর যৌথ উপস্থাপনায় ছবিটির প্রযোজনা করেছেন এমডি ফারুক উদ্দিন। 

ছবির মূল গল্প আবর্তিত হয়েছে বিশাল নামের এক সংগ্রামী গায়ককে কেন্দ্র করে। ছোটবেলা থেকেই তাঁর জীবনের একমাত্র অনুপ্রেরণা  জুবিন গার্গ। বহু চেষ্টা করেও জুবিন দার সঙ্গে একবার দেখা করার সুযোগ জোটে না বিশালের। নিজের কঠোর পরিশ্রমে যখন সে সাফল্যের দোরগোড়ায় পৌঁছায়, ঠিক তখনই তাঁর জীবনে নেমে আসে এক চরম সংকট! একদিকে শৈশবের স্বপ্নপূরণের জেদ, অন্যদিকে জীবনের কঠিন বাস্তব— এই টানাপোড়েনের মধ্য দিয়েই এগোবে ছবির গল্প। তবে ছবির শেষে দর্শকদের জন্য অপেক্ষা করছে এক বড়সড় চমকপ্রদ টুইস্ট। 

এই ছবির সবচেয়ে বড় ইউএসপি হল  জুবিন গার্গের দুটি সম্পূর্ণ নতুন এবং অপ্রকাশিত গান, যা এর আগে কেউ শোনেননি। পরিচালক শ্রী প্রীতম বলেন, ‘২০১১ সাল থেকে টলিউডে জুবিন দার সঙ্গে বহু কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। তাঁকে খুব কাছ থেকে চিনেছি। সেই শ্রদ্ধা থেকেই এই ছবির ভাবনা। জুবিন দার স্ত্রী গরিমা দি-র কাছ থেকে অনুমতি পাওয়ার পরেই কাজ শুরু করি। এই ছবি আমার জীবনের এক সোনালি অধ্যায়।’ 

এই ছবির হাত ধরে টলিউডে ডেবিউ করছেন একদম নতুন এক জুটি ইকবাল রহিমি এবং বর্ষা সেনগুপ্ত। প্রথমবার পর্দায় মুখ্য চরিত্রে দেখা যাবে তাদের। নায়িকা বর্ষা জানান, জুবিন দার থেকে পাওয়া স্নেহ এবং ভালোবাসা তার জীবনের বড় সম্পদ। নিজের সেরাটা দিতে তৈরি তিনি। অন্যদিকে নায়ক ইকবাল বলেন, ‘জুবিন গার্গ শুধু শিল্পী নন, কোটি মানুষের আবেগ। এই চরিত্রের জন্য আমি নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছি।’ 

নতুন এই জুটি ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টলিউডের একঝাঁক চেনা মুখ পরাণ বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ গুহ, গীতাবলী রাজকুমারী, পার্থপ্রতিম গোস্বামী, ভায়োলিনা বরদলৈ, সৌরভ চট্টোপাধ্যায় এবং মধুমিতা গুপ্ত। এক স্বপ্নবাজ তরুণের লড়াই এবং সংগীতের অসীম শক্তিকে একসূত্রে বেঁধে তৈরি ‘লাভ ইউ জুবিন দা’ সিনেমা হলে দর্শকদের মনে গভীর ছাপ ফেলবে এবং এক নতুন মিউজিক্যাল অভিজ্ঞতার উপহার দেবে, আশাবাদী নির্মাতারা।