ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, ৫৮ হাজার ভবন ক্ষতিগ্রস্ত

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে ৫৮ হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধসে পড়েছে। 

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা প্রকাশিত স্যাটেলাইট তথ্যের প্রাথমিক বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।

স্থানীয় সময় গত সপ্তাহে বুধবার সন্ধ্যায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলায়। এতে এখন পর্যন্ত সরকারিভাবে ১ হাজার ৭০০ মানুষের মৃত্যুর তথ্য দেওয়া হয়েছে। এছাড়া প্রকৃতিক এই দুর্যোগে এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। 

গত একশ বছরের মধ্যে এগুলো ভেনেজুয়েলায় সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প ছিল।

যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষক কোরে স্কার এবং জেমন ভন ডেন হোয়েক বলেছেন, গত ২৫ জুন স্যাটেলাইট রাডার ডাটা ঘেটে দেখা গেছে, ভূমিকম্পের পর প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

তারা ইউরোপীয় মহাকাশ সংস্থার উচ্চ রেজ্যুলেশনের রাডারের ছবির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন।

গবেষকেরা বলেন, এটি একটি প্রাথমিক ও দ্রুত মূল্যায়ন। এতে ভূপৃষ্ঠের আকস্মিক পরিবর্তনের যে চিত্র পাওয়া গেছে, তা ক্ষয়ক্ষতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তারা আরও বলেন, এই সংখ্যাকে শুধু একটি প্রাথমিক সূচক হিসেবে বিবেচনা করা উচিত। কারণ, ঘটনাস্থলে গিয়ে এখনও এর সত্যতা যাচাই করা হয়নি।

এদিকে ভেনেজুয়েলার সরকার জানিয়েছে ভূমিকম্পে ৮৫৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। যারমধ্যে ১৮৯টি সম্পূর্ণ ধসে পড়েছে।